ব্যুরো নিউজ, ২০ জুন ২০২৬ঃ রাজ্যে ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ’ পালনের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনে যোগ দিয়ে এই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পা রাখলেন এবং এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর উপস্থিতি বিশেষ তাৎপর্য বহন করে। মন্ত্রী তাঁর বক্তব্যে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবিস্মরণীয় অবদান নিয়ে বিস্তারিত চর্চার উপর জোর দেন এবং আসল ইতিহাস জনসমক্ষে আনার আহ্বান জানান।
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “এতদিন ইতিহাসকে চেপে রেখে মানুষকে ভুল বোঝানো হয়েছে। কিন্তু এবার আর শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। আসল ইতিহাস মানুষ জানতে চাইছে।” মন্ত্রীর দাবি, শ্যামাপ্রসাদের অসামান্য দূরদর্শিতা ও বলিষ্ঠ পদক্ষেপ না থাকলে আজ হয়তো পশ্চিমবঙ্গ পাকিস্তানের অন্তর্ভুক্ত হত, যা দেশের ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকত। অনুষ্ঠানে উপস্থিত উপাচার্য আশুতোষ ঘোষও মন্ত্রীর বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে স্বীকার করেন যে, কলকাতার ভারত ভুক্তিতে বিশ্ববিদ্যালয়ের এই কনিষ্ঠতম প্রাক্তন উপাচার্যের এক বিশাল ও অনস্বীকার্য ভূমিকা ছিল।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর নির্দেশিকায় এবার ১৯-২৬ জুন রাজ্যজুড়ে স্কুল-কলেজে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালিত হচ্ছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী পূর্বতন সরকারকে তীব্র কটাক্ষ করে বলেন, প্রকৃত ইতিহাসকে এতদিন উদ্দেশ্যপ্রণোদিতভাবে আড়াল করে রাখা হয়েছিল। বর্তমান সরকার এই ইতিহাসকে জনসমক্ষে আনতে এবং নতুন প্রজন্মকে সঠিক তথ্য জানাতে বদ্ধপরিকর। এই পক্ষ পালনের মাধ্যমে শ্যামাপ্রসাদের আদর্শ ও অবদানকে স্মরণ করা হবে।








