ব্যুরো নিউজ, ১৯ জুন ২০২৬ঃ শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা দিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা গৌতম দেব। শুক্রবার (১৯ জুন, ২০২৬) তিনি পুর কমিশনারের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন। পুরসভা সূত্রে খবর, গৌতম দেবের ইস্তফা গ্রহণ করা হয়েছে। শিলিগুড়ি পুরনিগমের বর্তমান বোর্ডের মেয়াদ আরও প্রায় এক বছর বাকি ছিল। তার আগেই গৌতম দেবের এই আকস্মিক পদত্যাগে শহরের পুর পরিষেবা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সূত্রের খবর, বৃহস্পতিবারই মেয়র পারিষদদের নিয়ে একটি বৈঠক করেছিলেন গৌতম দেব, যেখানে তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন।
যদিও মেয়র পারিষদদের একাংশ তাঁর এই সিদ্ধান্তে সায় দেননি, গৌতম দেব নিজের অবস্থানে অনড় ছিলেন। ইস্তফা দেওয়ার পর তিনি জানান, “বর্তমান রাজ্য সরকারের সব কাজই আমি করেছি। এর পরেও আমার মনে হয়েছে কোথাও ছন্দপতন হচ্ছে। কোনও বিদ্বেষের মনোভাব নিয়ে এই পদ ছাড়ছি না। নতুন রাজ্য সরকারকে শুভেচ্ছা।” গৌতম দেবের ইস্তফা প্রসঙ্গে শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, “উনি কী কারণে পদত্যাগ করেছেন, তা আমার জানা নেই। তবে শুনেছি, মেয়র পারিষদদের সঙ্গে কিছু বিষয়ে মতানৈক্য ছিল।”
উল্লেখ্য, গৌতম দেব ২০১১ ও ২০১৬ সালে বিধায়ক নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছিলেন। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হন। এরপর তিনি পুরভোটে জিতে শিলিগুড়ির মেয়র হন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও তিনি পরাজিত হন এবং তাঁর দল তৃণমূল ক্ষমতাচ্যুত হয়ে বিজেপি সরকার গঠন করে। এই পরিস্থিতিতে গৌতম দেবের ইস্তফা তৃণমূলের জন্য আরও এক ধাক্কা বলে মনে করা হচ্ছে, কারণ এর আগে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীও পদত্যাগ করেছেন।








