ব্যুরো নিউজ, ৬ আগস্ট ২০২৬ঃ সিঙ্গুর টাটা গোষ্ঠীর বন্ধ হয়ে যাওয়া কারখানার ক্ষতিপূরণ সংক্রান্ত দীর্ঘদিনের জট অবশেষে কাটতে চলেছে। সম্প্রতি মুম্বইয়ে টাটা গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করল পশ্চিমবঙ্গ সরকার। এই বৈঠককে কেন্দ্র করে শিল্প মহলে নতুন আশার সঞ্চার হয়েছে। রাজ্যে পালাবদলের পর শিল্পোন্নয়নকে অগ্রাধিকার দিয়ে একের পর এক পদক্ষেপ নিচ্ছে নতুন সরকার। সিঙ্গুর প্রকল্পের বাতিল হওয়ার পর টাটা গোষ্ঠীকে মোট ৭৬৫ কোটি ৭৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ছিল। এই বিপুল অঙ্কের ক্ষতিপূরণ নিয়ে একটি গ্রহণযোগ্য সমাধান সূত্রে পৌঁছাতেই এদিনের বৈঠক অনুষ্ঠিত হয়।
রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতরের এক প্রতিনিধি এই বৈঠকে অংশ নেন। কলকাতা হাইকোর্ট আগেই টাটা মোটরসকে ৭৬৬ কোটি টাকা ও তার ওপর বার্ষিক ১১% সুদ পরিশোধের নির্দেশ দিয়েছিল। এমনকি পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন কর্পোরেশনকে (ডব্লিউবিআইডিসি) তাদের স্থাবর সম্পত্তির তালিকা সম্বলিত একটি অঙ্গীকারপত্র জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল। ২০০৮ সালের অক্টোবর মাসে জমি জটের কারণে টাটা মোটরসের ন্যানো গাড়ি তৈরির কারখানা সিঙ্গুর থেকে গুজরাটে স্থানান্তরিত হয়।
ততদিনে টাটা গ্রুপ এই প্রকল্পে ১,০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করে ফেলেছিল। মুম্বইয়ের এই বৈঠকে উভয় পক্ষই ইতিবাচক আলোচনা করেছে এবং দীর্ঘদিনের এই জট কাটাতে আগ্রহ প্রকাশ করেছে। ভবিষ্যতে রাজ্যে শিল্প আনতে অতীতের জটিলতা কাটিয়ে একসঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। এই বৈঠক রাজ্যের শিল্পায়নের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করা হচ্ছে।








