ব্যুরো নিউজ, ৪ জুন ২০২৬ঃ দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে রাজপুর-সোনারপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সোনালি রায় এবং তাঁর পরিবারের বিরুদ্ধে ‘চোর’ স্লোগান দিয়ে পোস্টার পড়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, এই ঘটনার পর একদল দুষ্কৃতী কাউন্সিলরের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাউন্সিলর সোনালি রায় এবং তাঁর স্বামী বিজিত রায়ের বিরুদ্ধে তোলাবাজি ও কাটমানি নেওয়ার অভিযোগ তুলে এলাকায় একাধিক পোস্টার দেখা যায়। পোস্টার পড়ার পরই দুষ্কৃতীরা কাউন্সিলরের বাড়িতে হামলা চালায়। তবে ঘটনার পর স্থানীয় বিজেপি কর্মীরাই অভিযুক্তদের ধরে প্রশাসনের হাতে তুলে দেন। সোনারপুর থানার পুলিশ ইতিমধ্যেই ৩ জনকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সোনালি রায়ের অভিযোগ, লাভলী মৈত্র সোনারপুর দক্ষিণের বিধায়ক থাকাকালীন তিনি কার্যত ঘরবন্দী ছিলেন এবং সেই সময়েও একাধিকবার হুমকির শিকার হয়েছিলেন। সম্প্রতি তিনি আবার সক্রিয় হয়ে সরকারি কাজকর্ম শুরু করার পরই এই ঘটনা ঘটল। এই ঘটনার পর রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের অভিযোগ, এই হামলার নেপথ্যে বিজেপি-সমর্থিত দুষ্কৃতীরা জড়িত। যদিও বিজেপির মণ্ডল সভাপতি এই অভিযোগ অস্বীকার করেছেন।
তাঁর দাবি, ধৃতরা বিজেপি কর্মী নন। বরং তৃণমূলেরই কাউন্সিলর-বিরোধী গোষ্ঠী পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে এবং বিজেপির নাম জড়ানোর চেষ্টা করছে। এই ঘটনায় কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।








