নিম্নচাপের জেরে উইকএন্ডেও দক্ষিণবঙ্গে প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা ও হলুদ সতর্কতা

নিম্নচাপের জেরে উইকএন্ডেও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে চলবে প্রবল বৃষ্টি। কলকাতা সহ একাধিক জেলায় জারি কমলা ও হলুদ সতর্কতা। জেনে নিন আবহাওয়ার সর্বশেষ আপডেট।

Share:

ব্যুরো নিউজ, ১০ জুলাই ২০২৬ঃ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। মৌসুমি অক্ষরেখা, সক্রিয় ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের সম্মিলিত প্রভাবে গোটা বাংলা জুড়েই দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। আজ শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নতুন করে দুর্যোগ ধেয়ে আসছে। এর জেরে সাধারণ জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আবহবিদদের মতে, মৌসুমি অক্ষরেখাটি বর্তমানে অনুপগড়, রোহতক, দক্ষিণ-পশ্চিম উত্তর প্রদেশের ওপর অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপ এলাকার কেন্দ্র, ফুরসতগঞ্জ, দেহরি, ধানবাদ, বাঁকুড়া ও দীঘার ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত।

একই সঙ্গে, পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকার ওপর একটি উচ্চ স্তরের ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই দুইয়ের প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গের হাওড়া, কলকাতা, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও দিনভর বৃষ্টিপাত চলবে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে। এছাড়া ভারী বৃষ্টি চলবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কালিম্পং এবং কোচবিহার জেলাতেও।

সপ্তাহান্তেও এই দুর্যোগ থেকে রেহাই মিলছে না। শনিবার উত্তর ও দক্ষিণ— উভয় বঙ্গের জেলাগুলিতেই ভারী বৃষ্টির মাত্রা আরও বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং মালদা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদীয়া, হাওড়া, কলকাতা এবং পূর্ব বর্ধমান জেলাতেও শনিবারের জন্য ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে।