ব্যুরো নিউজ, ২৬ মে ২০২৬ : একটানা তীব্র গরমের পর অবশেষে স্বস্তি পেতে চলেছেন দক্ষিণবঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কালবৈশাখীর প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সোমবার থেকেই বাংলার আবহাওয়ায় পরিবর্তন আসতে শুরু করেছে, যা আজ মঙ্গলবার সকাল থেকে আরও স্পষ্ট।
হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় গরমের দাপট কিছুটা বেশি থাকতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বৃষ্টির দাপট চলতে পারে। আগামীকাল বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায় কালবৈশাখী ও তুমুল বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।








