ব্যুরো নিউজ, ১৩ জুন ২০২৬ ; দক্ষিণবঙ্গে বর্ষার আগমন: আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গেও প্রবেশ করল বর্ষা। শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন রাজ্যজুড়েই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী, আজ শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার আকাশও হালকা ভিজতে পারে। একইসঙ্গে, দক্ষিণবঙ্গের কিছু জেলায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং কালবৈশাখীর পূর্বাভাসও দেওয়া হয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করায় এবং অনুকূল বায়ুপ্রবাহের কারণে এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। রবিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
এছাড়া, বীরভূম, নদিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই সাত জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।








