তাপপ্রবাহের মধ্যেই দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কমলা সতর্কতা

তাপপ্রবাহের মাঝেই দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। জানুন আজকের ও আগামীকালের আবহাওয়া।

Share:

ব্যুরো নিউজ, ২৪ মে ২০২৬ঃ রাজ্যে তীব্র তাপপ্রবাহের দাপট অব্যাহত। পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হওয়ায় অতীতের সব রেকর্ড ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিলেও, তা গুমোট গরম ও অস্বস্তি আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সারাদিন আকাশ আংশিক মেঘাচ্ছন্ন বা মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্যাপসা গরমের কারণে জনজীবন বিপর্যস্ত হওয়ার উপক্রম।

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আজ রবিবার দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। যদিও ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় অসহ্যকর গরম বজায় থাকবে। এই সামান্য বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও, আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়াতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। হাওয়া অফিসের মতে, এদিন আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাদবাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টির ভ্রূকুটি দেখা যাচ্ছে, যা স্থানীয়দের জন্য কিছুটা স্বস্তিদায়ক হতে পারে।

আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি কৃষিক্ষেত্রে এবং সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তি আনবে বলে আশা করা হচ্ছে।