ব্যুরো নিউজ, ১৩ অক্টোবর ২০২৬: পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ এই আবেদন খারিজ করে দেওয়ায় দুর্গাপূজার মরসুমেও শ্রীঘরেই থাকতে হবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রাক্তন এই কর্তাকে। আদালত জামিনের আবেদন খারিজের জন্য আলাদা করে কোনও কারণ উল্লেখ না করলেও, মূলত প্রভাবশালী তত্ত্বের ভিত্তিতেই প্রাক্তন দমকল মন্ত্রীকে জামিন দেওয়া হয়নি বলে মনে করা হচ্ছে। গত মে মাস থেকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রয়েছেন সুজিত বসু।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই এই মামলার তদন্তভার হাতে নেওয়ার পর থেকেই একাধিক বিধায়ক ও মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। গত ১২ মে সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়। সেই থেকে তিনি টানা পাঁচ মাস ধরে জেল হেফাজতেই রয়েছেন। তদন্তে নেমে কেন্দ্রীয় সংস্থাগুলি কেবল পুর নিয়োগ দুর্নীতি নয়, আরও একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগের সন্ধান পায়। প্রাক্তন মন্ত্রীর ছেলের রেস্তরাঁয় বেআইনি কার্যকলাপের অভিযোগও ওঠে। ইডি আধিকারিকরা সুজিত বসুকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালান। এই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতেই এর আগেও একাধিকবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে। এবার দুর্গাপূজার প্রাক্কালে ফের একবার তাঁর জামিনের আবেদন খারিজ হওয়ায়, পুজো কাটবে জেলেই।








