ব্যুরো নিউজ, ১৫ জুন ২০২৬ঃ পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর জামিন মামলায় স্বস্তি মিলল না। সোমবার কলকাতা হাইকোর্টে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গেল। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলার শুনানি ছিল। সুজিত বসুর পক্ষে সওয়াল করেন অভিজ্ঞ আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি যুক্তি দেন যে, ইডির মামলাটি ২০২৩ সালের হলেও প্রায় সাড়ে তিন বছর ধরে সুজিত বসুকে তদন্তে ডাকা হয়নি।
তাঁর মক্কেল একজন জনপ্রতিনিধি এবং দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের মে মাসে তাঁকে দু’বার তলব করা হয় এবং দ্বিতীয় হাজিরা দিন, অর্থাৎ গত ১১ মে তাঁকে গ্রেফতার করা হয়। সিংভি গ্রেফতারির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। অন্যদিকে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তরফে সুজিত বসুর জামিনের তীব্র বিরোধিতা করা হয়। ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী মামলা সংক্রান্ত জবাবদিহি জমা দেওয়ার জন্য আদালতের কাছে সময় চেয়ে নেন।
হাইকোর্ট আগামী ২৯ জুনের মধ্যে ইডিকে জবাবদিহি জমা দিতে নির্দেশ দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১ জুলাই হতে পারে বলে জানা গেছে। ফলে, এদিনও রাজ্যের প্রাক্তন মন্ত্রীর জেলমুক্তি হল না। আপাতত জুলাইয়ের আগে তাঁর জেলমুক্তির সম্ভাবনা একপ্রকার নেই বলেই মনে করা হচ্ছে। বিধানসভা ভোটের আবহে ইডির নোটিশ পেলেও সুজিত বসু ভোট প্রচারের কাজে ব্যস্ত থাকার কারণে উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে সময় চেয়েছিলেন। ভোট পর্ব শেষ হওয়ার পর তিনি হাজিরা দেন এবং পরবর্তীতে গ্রেফতার হন।







