অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিন খারিজ, হাইকোর্টের কড়া নির্দেশ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট। জমি দুর্নীতি মামলায় বড় নির্দেশ বিচারপতির।

Share:

ব্যুরো নিউজ, ২৫ জুন ২০২৬ : কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব সুমিত রায়। জমি দুর্নীতি মামলায় আগাম জামিনের আর্জি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি, কিন্তু বিচারপতি জয় সেনগুপ্ত তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছেন।

এর ফলে সুমিত রায়ের গ্রেফতারির পথ আরও প্রশস্ত হল। জানা গিয়েছে, জমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ১০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সুমিতের বিরুদ্ধে। শুধু তাই নয়, ভুয়ো দলিল বা ডিড বানিয়ে অনেকের কাছ থেকে টাকা তোলার অভিযোগও রয়েছে। ভোট প্রার্থী করা এবং চাকরি দেওয়ার নামেও তোলাবাজির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই মামলায় ধৃত প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদ করে সুমিতের নাম উঠে আসে। সুমিত রায়ের আইনজীবী আদালতে দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর মক্কেলকে ফাঁসানো হচ্ছে। তৃণমূলের দলীয় কার্যালয় এবং অভিষেকের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে।

যদিও সরকারি আইনজীবী পাল্টা জানান, মূল অভিযুক্তের কাছে টাকা যেত বলে ড্রাইভার জানিয়েছে এবং সুমিতের বাড়ি থেকে ভুয়ো ডিড উদ্ধার হয়েছে। উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারপতি সেনগুপ্ত সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ করে দেন। বিচারপতির পর্যবেক্ষণ, এটি একটি মাত্র ঘটনা নয়, প্রায় ৩০০টি প্লট এবং একাধিক ব্যক্তি এই দুর্নীতির সঙ্গে যুক্ত। আদালত আগামী সোমবারের মধ্যে যাবতীয় তথ্য হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। ইতিমধ্যেই সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং হাইকোর্টেও তিনি স্বস্তি পেলেন না।