কর্মসংস্কৃতি ফেরাতে ইদের ছুটি কমালেন মুখ্যমন্ত্রী, পুজোর ছুটিও কি কাটছাঁট হবে!

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে ইদের ছুটি কমানো হল। রাজ্যে কর্মসংস্কৃতি ফেরানোর বার্তা দিয়ে প্রশ্ন উঠছে, দুর্গাপূজার ছুটিতেও কি কোপ পড়বে?

Share:

ব্যুরো নিউজ, ২৩ মে ২০২৬ঃ রাজ্যে কর্মসংস্কৃতি ফেরানোর বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইদের ছুটি কমিয়ে দিয়েছেন। পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে যেখানে ইদের জন্য দু’দিন ছুটি বরাদ্দ ছিল, সেখানে নতুন সরকার তা কমিয়ে ২৮শে মে একদিন করেছে। এই আকস্মিক সিদ্ধান্তে সরকারি মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

নবান্ন সূত্রে প্রথমে জানানো হয়েছিল যে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে ছুটির দিন পরিবর্তন করা হয়েছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, এটি কেবল দিন বদল নয়, বরং অতিরিক্ত ছুটির সংস্কৃতি থেকে বেরিয়ে আসার একটি স্পষ্ট বার্তা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ছুটির রাজ্য’ পরিচিতি থেকে বেরিয়ে এসে শুভেন্দু অধিকারী কাজের ওপর জোর দিতে চাইছেন, এমনটাই তাঁদের মত।

ইদের ছুটি কমানোর পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, দুর্গাপূজার ছুটিতেও কি কোপ পড়বে? বাম আমলকেও ছাপিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দুর্গাপূজায় প্রায় দু’সপ্তাহ ছুটি দিত, যা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াত। এমনকি ক্ষমতা হারানোর আগে তিনি পুজো ও ছট মিলিয়ে প্রায় ২০ দিনের ছুটির ঘোষণা করেছিলেন। প্রশাসনিক মহলের মতে, বেসরকারি সংস্থা বা কর্পোরেট সেক্টরে পুজোয় ৪-৫ দিনের বেশি ছুটি মেলে না। রাজ্যে নতুন বিনিয়োগ টানতে এবং পেশাদারিত্ব ফিরিয়ে আনতে সরকারি কর্মচারীদের এই অতিরিক্ত ছুটির বহর কমানো জরুরি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইদের ছুটি কমানো তারই এক স্পষ্ট ট্রেলার মাত্র।