রাজ্যে শিল্পায়নের নতুন দিগন্ত: লার্সন অ্যান্ড টিউব্রোর চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে লার্সন অ্যান্ড টিউব্রোর চেয়ারম্যানের বৈঠক। রাজ্যে শিল্প বিনিয়োগ ও পরিকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা।

Share:

 ব্যুরো নিউজ, ৬ জুন ২০২৬ঃ দীর্ঘদিনের খরা কাটিয়ে এবার রাজ্যে শিল্পের ব্যাপক জোয়ার আসার সম্ভাবনা উজ্জ্বল। দেশের অন্যতম প্রধান শিল্পকেন্দ্র হিসেবে বাংলা কি নতুন পথে পা বাড়াচ্ছে? রাজনৈতিক পালাবদলের পর থেকেই এই জল্পনা চলছিল। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আদানির গোষ্ঠীর সঙ্গে বৈঠকের দু’দিনের মধ্যেই এবার লার্সন অ্যান্ড টিউব্রোর চেয়ারম্যান এস. এন. সুব্রহ্মণ্যমের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন তিনি।

শনিবার কলকাতা বিমানবন্দরে প্রায় আধঘণ্টার এই সাক্ষাতে রাজ্যের শিল্প বিনিয়োগ বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন এবং যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টির মতো বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে বৈঠকের ছবি পোস্ট করে জানান, এটি ‘পশ্চিমবঙ্গের শিল্প পুনর্জাগরণ’-এর ক্ষেত্রে একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। রাজ্যে শিল্পায়ন ও ব্যাপক বিনিয়োগের কার্যকরী পরিবেশ গড়ে তোলাই যে তাঁর সরকারের একমাত্র লক্ষ্য, সে বিষয়েও তিনি জোর দেন। এই বৈঠক রাজ্যের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন আশার সঞ্চার করেছে।