ব্যুরো নিউজ, ১২ জুলাই ২০২৬ঃ পূর্ব বর্ধমানের ভাতারের বিজেপি বিধায়ক সৌমেন কার্ফা সম্প্রতি কন্যাসন্তানের বাবা হয়েছেন। তাঁর নবজাতকের নামকরণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধায়ক ও তাঁর পরিবারের বিশেষ অনুরোধে শুভেন্দু অধিকারী শিশুটির নাম রেখেছেন ‘সুভদ্রা’। আগামী কয়েকদিনের মধ্যেই জগন্নাথদেবের রথযাত্রা, সেই প্রসঙ্গ টেনে এই নামটি রাখা হয়েছে বলে জানা গেছে। বিধায়ক সৌমেন কার্ফা নিজেই এদিন সামাজিক মাধ্যমে এই খবর জানিয়েছেন।
তিনি লিখেছেন, “আজ আমার কন্যাসন্তান হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানিয়েছিলাম। ওঁকে আমার কন্যার নামকরণের অনুরোধ করেছিলাম। উনি নাম দিয়েছেন জগন্নাথের বোন সুভদ্রা। তাঁর দেওয়া নামে আমার কন্যার নাম রাখলাম সুভদ্রা কার্ফা।” এই নামকরণে কার্ফা পরিবারে খুশির আবহ। ভাতারের বেলেণ্ডা গ্রামের বাসিন্দা সৌমেন কার্ফা জানান, তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা থাকাকালীন পুত্রসন্তান হলে ‘বুবাই’ বা ‘শুভেন্দু’ নাম রাখার কথা ভাবা হয়েছিল। তবে কন্যাসন্তান হওয়ায় নামকরণের সম্পূর্ণ ভার শুভেন্দু অধিকারীর উপরই ছেড়ে দেওয়া হয়। পরিবারের সকলেই মুখ্যমন্ত্রীর দেওয়া এই নামে সম্মতি জানিয়েছেন।
চলতি বছর বিধানসভা নির্বাচনে মাত্র ৩৩ বছর বয়সে ভাতার বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হন সৌমেন কার্ফা। তিনি তৃণমূল প্রার্থী শান্তনু কোঁয়ারকে ৬,৫২৮ ভোটে পরাজিত করে প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়েছেন। এই নামকরণের ঘটনা রাজনৈতিক মহলেও বেশ চর্চিত হচ্ছে।








