ব্যুরো নিউজ, ২২ জুলাই ২০২৬ : রাজ্যে নারী নির্যাতনের ঘটনা রুখতে এবার পুলিশকে ‘ফ্রি হ্যান্ড’ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, মহিলাদের উপর কোনও রকম অপরাধ ঘটলে পুলিশকে কারও নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে না। যা পদক্ষেপ করার, পুলিশ তা স্বাধীনভাবে করতে পারবে। এক্ষেত্রে রাজ্য সরকার ঢাল হয়ে তাদের পাশে থাকবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় নারী সুরক্ষা নিয়ে তাঁর সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি আরও একবার স্পষ্ট হল।
সম্প্রতি বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুন কাণ্ডে অভিযুক্তের এনকাউন্টার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, কীভাবে এমন জঘন্য ঘটনার মোকাবিলা করতে হয়, তা তাঁর সরকার প্রমাণ করে দিয়েছে। তিনি পুলিশ আধিকারিকদের উদ্দেশে বলেন, “আমরা কেউ ভারতপিতা বলি না, মাতা বলি। কোনও মহিলার উপরে কিছু ঘটলে কারও নির্দেশের উপরে অপেক্ষা করবেন না। যা ইচ্ছা হয় করে দেবেন। আপনাকে ঢাল হিসাবে রক্ষা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী।” পূর্বতন সরকারের আমলে ঘটা একাধিক নারী নির্যাতনের ঘটনার প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী তীব্র সমালোচনা করেন। তিনি কামদুনি, হাঁসখালি, কাকদ্বীপ এবং আর জি কর কাণ্ডের মতো ঘটনাগুলির উল্লেখ করে বলেন, “কামদুনি ছোট্ট ঘটনা। বারাসত শরীর থাকলে যেমন সর্দিকাশি জ্বরজারি হয় তেমন একটু আধটু রেপ-টেপ হয়।
কাকদ্বীপে ফুল রেপে ১০ হাজার, হাফ রেপে ৫ হাজার। হাঁসখালির ঘটনা মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। ময়নাগুড়ির ঘটনা লাভ অ্যাফেয়ার্স। আর জি কর ওঁর বাবা-মা চাইলে তো ১০ লাখ দিতে পারি।” এই মন্তব্যের মাধ্যমে তিনি পূর্ববর্তী সরকারের নারী নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তা রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।








