মন্ত্রীদের দফতর বণ্টন আজই চূড়ান্ত করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

রাজ্যের নতুন বিজেপি সরকারের ৩৫ জন মন্ত্রীর দফতর বণ্টন আজই চূড়ান্ত করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিল্লি সফর শেষে মিলল সবুজ সংকেত।

Share:

ব্যুরো নিউজ, ৭ জুন ২০২৬ঃ রাজ্যের নতুন বিজেপি সরকারের ৩৫ জন মন্ত্রীর দফতর বণ্টন নিয়ে জল্পনা তুঙ্গে। গত ১ জুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শপথ নিলেও, এখনও পর্যন্ত কে কোন মন্ত্রকের দায়িত্ব পাবেন, তা স্পষ্ট হয়নি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের দিল্লি সফর নতুন করে জল্পনা উস্কে দিয়েছে। সূত্রের খবর, দিল্লি থেকে সবুজ সংকেত মেলার পরেই মুখ্যমন্ত্রী আজ, সোমবার মন্ত্রীদের দফতর বণ্টন চূড়ান্ত করতে পারেন।

উল্লেখ্য, গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর তাঁর সঙ্গে আরও পাঁচ জন মন্ত্রীর দফতর বণ্টিত হয়ে গিয়েছিল। কিন্তু ১ জুন যে ৩৫ জন মন্ত্রী শপথ নিয়েছেন, তাঁদের দায়িত্ব বণ্টন এখনও বাকি। এই তালিকায় পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী মিলিয়ে মোট ৩৫ জন রয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন তাপস রায়, মনোজ ওরাওঁ, অর্জুন সিং, স্বপন দাশগুপ্ত, শঙ্কর ঘোষ প্রমুখ। নতুন মন্ত্রীদের মধ্যে কে কোন গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পান, সেদিকেই এখন সকলের নজর। সোমবারের দিকে চাতক পাখির মতো চেয়ে আছেন তাঁরা। আজ দফতর বণ্টন চূড়ান্ত হলে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি হবে।