যোগ দিবসের কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ‘রান ফর যোগা’য় অংশ নিয়ে যোগাসন মহাকরণের সামনে

যোগ দিবস উপলক্ষে কলকাতায় 'রান ফর যোগা' কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহাকরণের সামনে যোগাসন করেন তিনি। ছিলেন লিয়েন্ডার পেজ ও অন্যান্য মন্ত্রীরা।

Share:

ব্যুরো নিউজ, ১৯ জুন ২০২৬ঃ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচি। এর অংশ হিসেবে শুক্রবার সকালে কলকাতার ১১টি স্থান ও রাজ্যের বিভিন্ন এলাকায় ‘রান ফর যোগা’ ম্যারাথনের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা কর্পোরেশনের সামনে যোগ দেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, রাজ্যের অন্যান্য মন্ত্রী এবং প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ।

প্রতি বছরই কেন্দ্রের তরফে দেশজুড়ে যোগ দিবস উদযাপিত হয়। এবার বাংলায় বিজেপি সরকার গঠিত হওয়ায় রাজ্য সরকারও বিশেষভাবে এই দিনটি পালনের পরিকল্পনা করেছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী তিন দিনের কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন। নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ছ’টায় কর্পোরেশনের সামনে জমায়েত হয়। অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর কর্পোরেশনের সামনে থেকে ম্যারাথনে অংশ নেন তিনি। তাঁর সঙ্গে লিয়েন্ডার পেজ, ইন্দ্রনীল খাঁ-সহ অন্যান্যরা দৌড়ান।

ম্যারাথনটি কর্পোরেশন থেকে মহাকরণ পর্যন্ত বিস্তৃত ছিল। মহাকরণের সামনে বিশেষ যোগাসন শিবিরের আয়োজন করা হয়েছিল। ম্যারাথন শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে যোগাসন করেন। রাজ্যের স্বাস্থ্য ও সুস্থতার বার্তা দিতে এই ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে যোগের উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছে।