ব্যুরো নিউজ, ২৩ জুন ২০২৬ঃ বদলের বাংলায় ক্রমশ প্রাসঙ্গিক হয়ে উঠছেন ‘ভারত কেশরী’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর আত্মবলিদান দিবসে শ্রদ্ধা জানিয়ে এবার তাঁর মৃত্যুরহস্য নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার, ২৩ জুন কেওড়াতলায় শ্যামাপ্রসাদের মৃত্যুদিনে শ্রদ্ধা নিবেদন করে মুখ্যমন্ত্রী আক্ষেপ করে বলেন, “তাঁর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। আসল ঘটনা আড়ালে ছিল। ইচ্ছে করে ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে।”
শুভেন্দু অধিকারী পূর্বতন তৃণমূল সরকারের কড়া সমালোচনা করে বলেন, “আগের সরকার শ্যামাপ্রসাদকে ভুলিয়ে রেখেছিল। কিন্তু মনে রাখতে হবে, তিনি না হলে হিন্দু বাঙালি মাতৃভূমি পেত না। পাকিস্তানে চলে যেতে হতো। সেই জায়গা থেকে উনিই আমাদের বাঁচিয়েছেন।” মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, “এখন থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাষ্ট্রবাদী চেতনা আর আদর্শ নিয়ে আমরা চলব।” তাঁর এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। শ্যামাপ্রসাদের অবদানকে নতুন করে তুলে ধরার এই প্রচেষ্টা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন ৬ জুলাই সরকারি ছুটি ঘোষণা এবং বিরাট মূর্তি গড়ার উদ্যোগ আগেই গ্রহণ করেছে রাজ্য সরকার। এবার তাঁর মৃত্যুরহস্য নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য তাৎপর্যপূর্ণ। উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আজ থেকে ৬ জুলাই পর্যন্ত রাজ্যের প্রত্যেক স্কুলে ‘শ্যামাপ্রসাদ পক্ষ’ পালিত হবে। এই পক্ষ পালনের মাধ্যমে নতুন প্রজন্মকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান সম্পর্কে অবগত করা হবে এবং তাঁর আদর্শকে ছড়িয়ে দেওয়া হবে। এই উদ্যোগের ফলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও কর্ম নিয়ে জনমানসে নতুন করে আগ্রহ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।








