ব্যুরো নিউজ, ১৭ সেপ্টেম্বর ২০২৬: পুজোর মরসুমের আগেই রাজ্যের প্রশাসনিক কেন্দ্র নবান্ন থেকে রাইটার্স বিল্ডিংসে স্থানান্তরিত হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহালয়ার আগেই তাঁর দপ্তর মহাকরণে ফিরিয়ে নিয়ে যাবেন বলে খবর।
পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ১০ অক্টোবর, অর্থাৎ দেবীপক্ষ শুরুর আগেই মুখ্যমন্ত্রীর কার্যালয় সহ ছয়জন মন্ত্রীর ঘরের সংস্কার কাজ সম্পন্ন হয়ে যাবে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কাজ শেষ হয়েছে। দ্রুততার সঙ্গে মুখ্যসচিব, ডিজি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আমলাদের দপ্তর তৈরির কাজও চলছে।
রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছিল যে, নবান্ন থেকে নয়, রাইটার্স বিল্ডিং থেকেই সরকার পরিচালিত হবে। তবে সংস্কারের কাজ বাকি থাকায় এতদিন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা নবান্নেই বসছিলেন। সম্প্রতি পূর্তমন্ত্রী অজয় পোদ্দার আধিকারিকদের সঙ্গে বৈঠক করে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। ২০১৩ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ থেকে প্রশাসনিক দপ্তর নবান্নে সরিয়ে নিয়ে গিয়েছিলেন। এবার ফের মহাকরণ তার পুরনো প্রশাসনিক গৌরব ফিরে পেতে চলেছে, যা রাজ্যের রাজনীতিতে এক নতুন বার্তা দেবে।








