ব্যুরো নিউজ, ২১ মে ২০২৬ঃ রাজ্যে অনুপ্রবেশ সমস্যা মোকাবিলায় কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার হাওড়ায় এক উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে পুলিশ ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে আলোচনার পর তিনি সংবাদমাধ্যমকে জানান, এবার থেকে হাওড়া স্টেশনে কোনও অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে তাঁদের আর আদালতের দীর্ঘমেয়াদি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে না। পরিবর্তে, ধৃতদের সরাসরি সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে তুলে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী হাওড়া পুলিশ কমিশনারকে এই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করেছেন।
তাঁর কথায়, “হাওড়া স্টেশন অনুপ্রবেশকারীদের একটি প্রধান ট্রানজিট পয়েন্ট। আমি কমিশনারকে নির্দেশ দিয়েছি, এখানে কোনও অনুপ্রবেশকারী ধরা পড়লে তাঁদের খাইয়ে-দাইয়ে সোজা বনগাঁ দিয়ে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে।” উল্লেখ্য, গত বুধবারই কেন্দ্র নির্দেশিত ‘পুশব্যাক’ আইন রাজ্যে কার্যকর করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এই নতুন নিয়ম অনুযায়ী, পুলিশ ধৃত অনুপ্রবেশকারীদের বিএসএফের হাতে সঁপে দেবে এবং বিএসএফ আন্তর্জাতিক প্রটোকল মেনে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিবি) সঙ্গে কথা বলে তাঁদের স্বদেশে ফেরত পাঠাবে। তবে, এই কড়া আইনের ফলে মতুয়া জনগোষ্ঠী এবং অনগ্রসর শরণার্থী হিন্দুদের মনে যে শঙ্কা তৈরি হয়েছে, তা দূর করতেও আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।
তিনি স্পষ্ট জানান, সিএএ-এর আওতায় থাকা হিন্দু ধর্মাবলম্বী কিংবা প্রতিবেশী তিন রাষ্ট্র (বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান) থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে আসা সংখ্যালঘুদের এ দেশ থেকে বিতাড়িত করার কোনও প্রশ্নই ওঠে না। তাঁরা নির্দিষ্ট আইনি প্রক্রিয়া মেনেই ভারতের স্থায়ী নাগরিকত্ব পাবেন। মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারী ও প্রকৃত শরণার্থীদের মধ্যেকার ফারাকও স্পষ্ট করে দিয়েছেন।








