ব্যুরো নিউজ, ১১ জুন ২০২৬ঃ রাজ্যে পালাবদলের পর থেকেই বাংলার ক্রীড়াক্ষেত্রে এক নতুন ছবি দেখা যাচ্ছে। সম্প্রতি রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারের পর সেই ছবি আরও স্পষ্ট হয়েছে। যৌন হেনস্থা, তোলাবাজি, খুনের চেষ্টা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন স্বরূপ, যা কলকাতা ময়দানে ‘বিশ্বাস ব্রাদার্স’ নামে পরিচিত সুরুচি সংঘের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। জানা গিয়েছে, স্বরূপ গ্রেপ্তারের পরই সুরুচি সংঘের অনুশীলন বন্ধ হয়ে গিয়েছে।
ক্লাবের কোচ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, গত সপ্তাহের বুধবার শেষ অনুশীলন হয়েছিল। এরপর বেশ কয়েকজন ফুটবলার দল ছেড়ে কলকাতা লিগের অন্যান্য ক্লাবে যোগ দিয়েছেন, যদিও সুরুচি সংঘের পক্ষ থেকে তাদের এখনও ছাড়পত্র দেওয়া হয়নি। রঞ্জনবাবু এও জানান, এবছর তিনি শক্তিশালী দল গড়েছিলেন, যা লিগের বড় দলগুলিকে টক্কর দিতে পারত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ক্লাবের কর্তারা স্পষ্ট কোনো বার্তা দেননি, শুধু অপেক্ষা করতে বলা হয়েছে।
শুধু সুরুচি সংঘই নয়, প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর ক্লাব শ্রীভূমি স্পোর্টিংয়ের ভবিষ্যৎও অনিশ্চিত। সূত্রের খবর, তারাও আসন্ন কলকাতা লিগ খেলবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আকাশ বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধেও বিস্তর অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কলকাতার ফুটবল থেকে কি এবার এই প্রভাবশালী ক্লাবগুলির বিদায় নেওয়ার পালা? রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের ‘দখল’ হয়ে থাকা ঘর উদ্ধারের পর এই ঘটনাগুলি ক্রীড়ামহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।








