তরুণের স্বপ্ন প্রকল্প কি বন্ধ হচ্ছে? নতুন সরকারের বৈঠকে জল্পনা

নতুন সরকার ক্ষমতায় আসতেই ‘তরুণের স্বপ্ন প্রকল্প’ নিয়ে শুরু হয়েছে জল্পনা। পড়ুয়াদের ট্যাব কেনার ১০,০০০ টাকা কি বন্ধ হবে? সরকারের বৈঠকে কী আলোচনা হল, জেনে নিন।

Share:

ব্যুরো নিউজ, ২৩ মে ২০২৬ঃ  পশ্চিমবঙ্গে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই পূর্বতন সরকারের সামাজিক প্রকল্পগুলির ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই তালিকায় অন্যতম হল ‘তরুণের স্বপ্ন প্রকল্প’, যার মাধ্যমে একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ডিজিটাল শিক্ষার প্রসারে এককালীন ১০,০০০ টাকা দেওয়া হত ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য। ২০২০ সালে কোভিড অতিমারীর সময় তৎকালীন রাজ্য সরকার শিক্ষার ডিজিটালকরণের উপর জোর দিতে এই প্রকল্প চালু করে। এর লক্ষ্য ছিল পড়ুয়াদের অনলাইন ক্লাস ও শিক্ষামূলক অ্যাপ ব্যবহারে সুবিধা দেওয়া।

সরকারি, সরকার পোষিত স্কুল, মাদ্রাসা ও সংখ্যালঘু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এর সুবিধা পেত। তবে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শিক্ষকদের একাংশ এই প্রকল্প বন্ধ করার দাবি তুলেছেন। তাঁদের মতে, প্রকল্পের টাকা স্কুলের পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ করা উচিত, কারণ অনেক পড়ুয়া ট্যাবের টাকা পাওয়ার পর পড়াশোনা ছেড়ে দেয়। সম্প্রতি বিজেপি বিধায়ক দলের সঙ্গে শিক্ষা দফতরের বৈঠকেও এই প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে। অন্যদিকে, শিক্ষকদের আরেকটা অংশ মনে করেন, অনেক পড়ুয়ারই স্মার্টফোন বা ট্যাব কেনার সামর্থ্য নেই, তাই সরকারি অনুদান তাদের পড়াশোনায় সাহায্য করে।

শিক্ষা মহলের অধিকাংশের মত, পারিবারিক আয় বিবেচনা করে তবেই এই প্রকল্পের সুবিধা দেওয়া উচিত। যদিও বিজেপি সরকার আগেই জানিয়েছে, সমাজকল্যাণমূলক কোনও প্রকল্প বন্ধ হবে না। ‘তরুণের স্বপ্ন’ নিয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়, সেটাই এখন দেখার।