তৃণমূলের ৪৪০ কোটি টাকার ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ, দলের অন্দরে তীব্র সংঘাত

তৃণমূলের ৪৪০ কোটি টাকা থাকা ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ। দলের অন্দরের সংঘাতের জেরে এই পদক্ষেপ। এইচডিএফসি ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলিতে আপাতত ডেবিট ফ্রিজ।

Share:

ব্যুরো নিউজ, ১৯ জুন ২০২৬ঃ তৃণমূল কংগ্রেসের অন্দরে তীব্র ডামাডোলের মাঝেই দলের ৪৪০ কোটি টাকা থাকা ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ। এইচডিএফসি ব্যাঙ্কের ওই তিনটি অ্যাকাউন্টে আপাতত ‘ডেবিট ফ্রিজ’ করা হয়েছে, যার ফলে এই অ্যাকাউন্টগুলি থেকে আর কোনও টাকা তোলা যাবে না। জানা গিয়েছে, দলের তহবিলের অধিকার কার হাতে থাকবে, তা নিয়ে গত কয়েকদিন ধরে শাসকদলের অন্দরে অরূপ বিশ্বাস এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের মধ্যে চরম সংঘাত চলছিল। এই বিপুল পরিমাণ টাকার বিরোধের জল গড়ায় পুলিশ প্রশাসন পর্যন্ত। ঋতব্রত-পন্থী ১০ জন বিধায়ক একযোগে পুলিশের কাছে লিখিত চিঠি জমা দেন।

তাঁদের অভিযোগ ছিল, দলের এই তহবিলের টাকার উৎস এবং লেনদেনে স্বচ্ছতা নেই। অবিলম্বে এই অ্যাকাউন্টগুলি ব্লক করার দাবি জানানো হয়। এই অভিযোগের ভিত্তিতেই তড়িঘড়ি পদক্ষেপ করে পুলিশ প্রশাসন এইচডিএফসি ব্যাঙ্কের ৩টি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দেয়। তহবিল ফ্রিজ হওয়া এবং অরূপ বিশ্বাসের চিঠি পাঠানো নিয়ে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও প্রচারকে এক ফুঁয়ে উড়িয়ে দিয়েছে মূল তৃণমূল শিবির।

দলের তরফ থেকে কুণাল ঘোষ জানান, “বিভ্রান্তি নিরসনে দলের তরফ থেকে একদম স্পষ্ট করে বলে দিতে চাই, তৃণমূলের কোষাধ্যক্ষ একসময় নিশ্চয়ই অরূপ বিশ্বাস ছিলেন। কিন্তু গত ৫ জুন দলের কার্যসমিতির মিটিংয়ে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে যে, এখন আমাদের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী।” তিনি আরও জানান, অরূপ বিশ্বাস এখন আর পদে নেই। এই পদক্ষেপের ফলে ঘাসফুল শিবিরের অভ্যন্তরীণ কোন্দল আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।