ব্যুরো নিউজ, ২৩ মে ২০২৬ঃ বিধানসভা নির্বাচন শেষ হওয়ার এক মাসও কাটেনি, এরই মধ্যে দক্ষিণ দমদম পুরসভার এক তৃণমূল কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। শুক্রবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় দাসের ঝুলন্ত দেহ তাঁর শোয়ার ঘর থেকে উদ্ধার হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে পার্শ্ববর্তী নাগেরবাজার আইএলএস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এলেও, রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।
জানা গেছে, মৃত সঞ্জয় দাস তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। সাম্প্রতিক সময়ে দক্ষিণ দমদম পুরসভায় একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, যা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সক্রিয়। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়েছে। মধ্যমগ্রামের বিধায়ক তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনকি, রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়িকা অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে দেবরাজ ঘনিষ্ঠ এক প্রভাবশালী তৃণমূল কাউন্সিলরের মৃত্যু ঘিরে নানা প্রশ্ন উঠছে।
অনেকেই মনে করছেন, দুর্নীতির তদন্তের জালে জড়িয়ে পড়ার আশঙ্কায় তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, এটি একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা এবং সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন, তা তদন্তের পরেই স্পষ্ট হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রাডারে দক্ষিণ দমদম পুরসভার আরও অনেক আধিকারিক ও নেতার নাম থাকায়, এই মৃত্যু রহস্য আরও ঘনীভূত করেছে।








