ব্যুরো নিউজ, ১৩ জুন ২০২৬ : লোকসভায় তৃণমূলের অন্দরে নেতৃত্ব বদলের সমীকরণ স্পষ্ট। হিতোপদেশের কচ্ছপ-খরগোশের গল্পের মতোই ধীরগতিতে হলেও শেষ হাসি হাসলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। একদা বিধানসভা ভোটের ফল প্রকাশের পর কাকলি ঘোষ দস্তিদারকে সবার আগে ফিনিশ লাইনের কাছে দেখা গেলেও, এখন তিনিই বিদ্রোহী ব্লকের নেতা হচ্ছেন না। বরং, সুদীপ বন্দ্যোপাধ্যায়ই লোকসভায় এই বিদ্রোহী ব্লকের নেতৃত্ব দেবেন বলে জানা গেছে। উপ-দলনেতার পদে দেখা যেতে পারে শতাব্দী রায়কে।
সূত্রের খবর, শনিবার কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে একযোগে দেখা করেন সুদীপ ও শতাব্দী। এই বৈঠকের পর থেকেই নতুন সমীকরণের ইঙ্গিত মেলে। ৪ মে-র পর কেন্দ্রীয় নিরাপত্তা পেয়ে কাকলি ঘোষ দস্তিদার যেখানে দ্রুত এগিয়েছিলেন, সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শতাব্দী রায় ধীরে ধীরে নিজেদের অবস্থান মজবুত করেছেন। জানা গেছে, লোকসভার ২৮ জন তৃণমূল সাংসদের মধ্যে ২০ জনই এই নতুন বিদ্রোহী ব্লকে যোগ দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাজদা আহমেদ, প্রতিমা মণ্ডল, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, সৌগত রায় ও মহুয়া মৈত্র সহ আটজন সাংসদ এখনও এই ব্লকে যোগ দেননি।
রবিবার দিল্লিতে এই বিদ্রোহী ব্লকের নেতাদের বৈঠক হওয়ার কথা। এরপর তাঁদের বৈঠক হওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। সেখানেই পদের বিষয়টি আনুষ্ঠানিক ভাবে চূড়ান্ত হয়ে যেতে পারে। সোমবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে সশরীরে উপস্থিত হয়ে চিঠি বা প্রস্তাব পেশ করবেন তাঁরা। এই ঘটনা তৃণমূলের অন্দরে নতুন করে জল্পনা তৈরি করেছে।








