ব্যুরো নিউজ, ২৭ মে ২০২৬ঃ অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন বিষ্ণুপুরের বিতর্কিত তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। ওড়িশার পুরীর একটি বিলাসবহুল হোটেল থেকে আজ সকালে তাঁকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। এই নাটকীয় অভিযানে ওড়িশা পুলিশও সহযোগিতা করেছে।
জানা গিয়েছে, হুমকি ও উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে দায়ের হওয়া মামলায় বিধায়ককে ট্রানজিট রিমান্ডে রাজ্যে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। বিজেপিকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগের ভিত্তিতে দিলীপ মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছিল। গ্রেফতারির আশঙ্কায় তিনি পালিয়েছিলেন। গত ১৪ মে তাঁর পৈলানের বাড়িতে পুলিশ হানা দিলেও তাঁকে পাওয়া যায়নি। পরে তাঁর দু’টি মোবাইল ফোন উদ্ধার হয়। এরপর ১৭ মে বকখালির ফ্রেজারগঞ্জ এলাকা থেকে বিধায়কপুত্র অর্ঘ্য মণ্ডল-সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। কিন্তু বিধায়কের খোঁজ মিলছিল না।
পুলিশ সূত্রে খবর, দিন দুয়েক আগে রাজ্য পুলিশের এসটিএফ জানতে পারে, দিলীপ মণ্ডল পুরীর ‘ব্লু লিলি’ হোটেলে রয়েছেন। সেই তথ্যের ভিত্তিতে আজ সকালে পুরীর নিউ মেরিন ড্রাইভ সংলগ্ন ওই হোটেলে অভিযান চালানো হয়। সেখান থেকেই ওড়িশা পুলিশের সহযোগিতায় তাঁকে আটক করা হয়। গ্রেফতারের পর পুরীর স্থানীয় থানায় রেখে তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওড়িশার আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ড মঞ্জুর করিয়ে আজ বিকেলের মধ্যেই তাঁকে কলকাতায় নিয়ে আসা হতে পারে বলে খবর। প্রসঙ্গত, নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই তিনি বিতর্কের কেন্দ্রে ছিলেন এবং গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হয়েছিলেন।







