চাকরির নামে প্রতারণা! বন দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১০ লক্ষ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার তৃণমূল নেতা অজিত মাহাতো

বন দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নামে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা অজিত মাহাতো। আজ তাকে আদালতে তোলা হবে।

Share:

ব্যুরো নিউজ, ৩০ অক্টোবর ২০২৬: সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা অজিত মাহাতো। ঝাড়গ্রাম জেলা পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। অভিযোগ, বন দপ্তরে স্থায়ী চাকরির আশ্বাস দিয়ে এক যুবকের কাছ থেকে এই বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন অজিত। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রামের বাছুরডোবা এলাকার বাসিন্দা সজল দাস নামে এক যুবক অজিত মাহাতোর বিরুদ্ধে এই প্রতারণার অভিযোগ দায়ের করেন। সজলের অভিযোগ, অজিত মাহাতো তাঁর রাজনৈতিক প্রভাব এবং রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ঘনিষ্ঠতার কথা বলে বন দপ্তরে স্থায়ী চাকরির লোভ দেখান।

সেই প্রলোভনে পা দিয়ে সজল গত ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত চার দফায় মোট ১০ লক্ষ টাকা অজিতকে দেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরি মেলেনি। টাকা ফেরত চাইলেও অভিযুক্ত অজিত মাহাতো তা দিতে অস্বীকার করেন বলে অভিযোগ। এরপরই সজল দাস পুলিশের দ্বারস্থ হন। অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং বৃহস্পতিবার গভীর রাতে অজিত মাহাতোকে গ্রেপ্তার করে। শুক্রবার তাঁকে আদালতে তোলা হবে। এই ঘটনায় তৃণমূলের অন্দরেও অস্বস্তি ছড়িয়েছে।