ব্যুরো নিউজ, ৯ জুন ২০২৬ঃ নদিয়ার কৃষ্ণনগর থেকে গ্রেপ্তার করা হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে। ত্রাণ সামগ্রী পাচারের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ। মঙ্গলবার রাতে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন মন্ত্রীকে আটক করা হয়। তাঁর কৃষ্ণনগরের বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হওয়ার পরেই তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে উজ্জ্বল বিশ্বাসের কৃষ্ণনগরের কাঠুরিয়া পাড়ার বাড়ির সামনে একটি গাড়িতে সরকারি ত্রিপল তোলা হচ্ছিল।
সন্দেহ হওয়ায় স্থানীয়রা প্রাক্তন মন্ত্রীর বাড়িতে ঢুকে দেখেন, সেখানে সাদা থান কাপড়, বস্তা বস্তা কম্বল এবং ত্রিপল মজুত করা রয়েছে। উত্তেজিত জনতা উজ্জ্বল বিশ্বাসকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। ‘চোর চোর’ স্লোগান ওঠে। অভিযোগ, ভিড়ের মধ্যে থেকে এক ব্যক্তি প্রাক্তন মন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন, যা তাঁর কপালে লাগে। পরিস্থিতি সামলাতে খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়। পুলিশ এসে প্রাক্তন মন্ত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখানেই জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আনুষ্ঠানিকভাবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানায়নি। তবে সূত্র মারফত জানা গিয়েছে, ত্রাণ সামগ্রী পাচারের অভিযোগেই উজ্জ্বল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। ২০১১ সাল থেকে টানা তিনবার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন উজ্জ্বল বিশ্বাস। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় তিনি একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়েছে।








