প্রাক্তন বিধায়ক বৈশালী ডালমিয়া প্রতারণার শিকার, পুরকর্মী সেজে লক্ষাধিক টাকা হাতিয়ে গ্রেপ্তার ১

প্রাক্তন বিধায়ক বৈশালী ডালমিয়াকে কলকাতা পুরসভার কর্মী পরিচয়ে প্রতারণা। বাড়ির মিউটেশন ও ট্যাক্স বাবদ লক্ষাধিক টাকা হাতিয়ে গ্রেপ্তার ১। তদন্তে পুলিশ।

Share:

ব্যুরো নিউজ, ১২ জুলাই ২০২৬ঃ প্রাক্তন বিধায়ক বৈশালী ডালমিয়াকে কলকাতা পুরসভার কর্মী পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। ধৃতের নাম সামসুদ্দিন জমাদার (৪১)। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থেকে তাকে পাকড়াও করা হয়েছে। এই ঘটনায় জড়িত আরও দু’জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি জগমোহন ডালমিয়ার কন্যা বৈশালী ডালমিয়ার বেহালা থানা এলাকার বি এল শাহ রোডে একটি বাড়ি রয়েছে। সেই বাড়ির মিউটেশন ও বকেয়া ট্যাক্সের বিল মেটানোর জন্য প্রণব কয়াল নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন বৈশালী। প্রণব নিজেকে কলকাতা পুরসভার কর্মী হিসেবে পরিচয় দেন এবং জানান যে মিউটেশন ও বকেয়া ট্যাক্স বাবদ ভূমি রাজস্ব দপ্তরে মোট ৪ লক্ষ ৬০ হাজার টাকা জমা দিতে হবে।

বিশ্বাস করে সেই টাকা প্রণবের হাতে তুলে দেন বৈশালী ডালমিয়া। পরে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। এরপরই তিনি পুলিশের দ্বারস্থ হন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে সামসুদ্দিন জমাদারকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আধিকারিকরা ধৃত সামসুদ্দিনকে জেরা করে এই প্রতারণা চক্রের মূল পান্ডা প্রণব কয়াল এবং অন্যান্য সহযোগীদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছেন। ঘটনার পিছনে কোনও বড়সড় চক্র কাজ করছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।