ব্যুরো নিউজ, ২০ মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গে এবার বুলেট ট্রেনের যুগে প্রবেশ করতে চলেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ঘোষণা অনুযায়ী, শিলিগুড়ি-বারাণসী বুলেট ট্রেন করিডোরের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। যদিও প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, রেল সূত্রে খবর, আগামী জুলাই মাস থেকেই এর প্রাথমিক কাজ শুরু হবে। ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেড (NHSRCL) এই মেগা প্রকল্পের জন্য একটি বিশেষ সমীক্ষা দল গঠন করেছে। তারা আকাশ ও স্থলপথে সমীক্ষা চালাবে, যার মাধ্যমে করিডোরের চূড়ান্ত রূপ এবং প্রযুক্তিগত দিকগুলি নির্ধারিত হবে।
এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ ধাপ হল ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট (DPR) প্রস্তুত করা। যদিও ২০১৭ সালের মধ্যে এটি শেষ করার লক্ষ্যমাত্রা ছিল, এবার সেই কাজ সম্পন্ন করে রেল বোর্ডের অনুমোদন নিয়েই শুরু হবে রেললাইন নির্মাণের কাজ। প্রস্তাবিত রুটে কাটিহার, পূর্ণিয়া এবং কিষাণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলি সীমান্ত অঞ্চলের কাছাকাছি হওয়ায় এদের বিশেষ গুরুত্ব রয়েছে। বারাণসী থেকে শিলিগুড়ি পর্যন্ত এই হাইস্পিড রেল করিডোরটি গাজীপুর, বক্সার, আরা, পাটনা, বেগুসরাই, মুঙ্গের, ভাগলপুর, কাটিহার, পূর্ণিয়া এবং কিষাণগঞ্জের মতো শহরগুলিকে সংযুক্ত করবে। বুলেট ট্রেনে শিলিগুড়ি থেকে বারাণসী যেতে সময় লাগবে মাত্র ২ ঘন্টা ৫৫ মিনিট। এই করিডোরটি পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তর প্রদেশ – এই তিন রাজ্যকে একসূত্রে গাঁথবে, যা রাজ্যের পরিকাঠামো উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।








