ব্যুরো নিউজ, ৮ জুন ২০২৬ঃ সৌরশক্তি সংস্থা বিক্রম সোলার পশ্চিমবঙ্গে ২৭,০০০ কোটি টাকা বিনিয়োগের এক বিশাল পরিকল্পনা ঘোষণা করেছে। এই মেগা প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজ্যে আনুমানিক ১২ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে। কলকাতা ভিত্তিক এই সংস্থাটি সৌরশক্তি প্রযুক্তি এবং সোলার প্যানেল উৎপাদনে সুপরিচিত এবং আন্তর্জাতিক বাজারে তাদের অবস্থান সুদৃঢ়। সংস্থার পরিকল্পনা অনুযায়ী, পশ্চিমবঙ্গে একটি বৃহৎ এনার্জি ট্রান্সমিশন ম্যানুফ্যাকচারিং হাব গড়ে তোলা হবে। এর আওতায় সোলার ইনগট, ওয়েফার, সোলার সেল এবং সোলার পিভি মডিউল-এর মতো গুরুত্বপূর্ণ উপকরণগুলি তৈরি করা হবে।
অর্থাৎ, কাঁচামাল থেকে শুরু করে সোলার প্যানেল তৈরির সম্পূর্ণ প্রক্রিয়াটি রাজ্যেই সম্পন্ন হবে। এই প্রকল্পের জন্য প্রায় ৭০০ একর জমির প্রয়োজন হতে পারে বলে সূত্র মারফত জানা গেছে এবং ধাপে ধাপে এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। বিক্রম সোলারের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর জ্ঞানেশ চৌধুরী ইতিমধ্যেই রাজ্য সরকারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য আবেদন জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিনিয়োগ রাজ্যের শিল্প ও অর্থনীতিতে দ্রুত পরিবর্তন আনবে, বিশেষ করে নবীকরণযোগ্য শক্তি খাতে বাংলার অবস্থান আরও শক্তিশালী হবে।
কর্মসংস্থানের ক্ষেত্রে, এটি ১২ হাজার সরাসরি “গ্রিন জব” তৈরি করবে, যা রাজ্যের যুব সমাজের জন্য এক বিরাট সুযোগ। তবে, এত বিশাল জমি ব্যবহারের আগে পরিবেশগত প্রভাব খতিয়ে দেখার বিষয়েও বিশেষজ্ঞরা গুরুত্ব দিচ্ছেন, বিশেষ করে কৃষি জমি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। এখন দেখার, রাজ্য সরকার এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয়।








