ব্যুরো নিউজ, ৮ আগষ্ট ২০২৬ : পশ্চিমবঙ্গে পঞ্চম থেকে অষ্টম শ্রেণিতে পাশ-ফেল প্রথা (Pass-Fail System) ফিরিয়ে আনতে চলেছে রাজ্য সরকার। এই লক্ষ্যে একটি নতুন বিশেষজ্ঞ কমিটি গঠনের কথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী কৌশিক চৌধুরী।
বাম জমানায় ২০০৯-১০ সালে সর্বভারতীয় ‘শিক্ষার অধিকার আইন’ অনুযায়ী অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল প্রথা তুলে দেওয়া হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের মধ্যে পরীক্ষাভীতি দূর করে আনন্দদায়ক শিক্ষার পরিবেশ তৈরি করা এবং স্কুলছুটের হার কমানো। তবে, সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে পাশ-ফেল তুলে দেওয়ার ফলে পড়ুয়াদের একাংশের মধ্যে পড়াশোনার প্রতি অনীহা তৈরি হচ্ছে এবং শিক্ষার সার্বিক মান নিম্নমুখী হচ্ছে। এই নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে থেকে একাধিক অভিযোগ উঠে আসছিল। এই পরিস্থিতিতে, ২০১৯ সালে কেন্দ্রীয় সরকার আইন সংশোধন করে রাজ্যগুলিকে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পুনরায় পাশ-ফেল ফেরানোর আইনি অধিকার দেয়।
শিক্ষামন্ত্রী কৌশিক চৌধুরী জানিয়েছেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এটি চালু না হলেও, আগামী শিক্ষাবর্ষগুলিতে পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্যের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন নিয়ে চিন্তাভাবনা চলছে। বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট হাতে এলেই সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এই পদক্ষেপের মাধ্যমে পড়ুয়াদের শিক্ষার মান উন্নত করা এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করাই সরকারের মূল লক্ষ্য।








