ব্যুরো নিউজ, ২০ জুন ২০২৬ঃ পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশুকল্যাণ দফতরের সরকারি ওয়েবসাইটে এখনও বহাল তবিয়তে রয়েছে পূর্বতন সরকারের জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর আবেদনপত্র। নতুন বিজেপি সরকার ‘অন্নপূর্ণা যোজনা’ চালু করলেও, সরকারি পোর্টালে পুরনো প্রকল্পের ফর্ম ডাউনলোড করা যাচ্ছে, যা রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি করেছে। রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর প্রায় দেড় মাস অতিক্রান্ত।
ভোটের ময়দানে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নতুন সরকার মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা যোজনা’ চালু করেছে, যা পূর্বতন ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর আদলেই আর্থিক সহায়তা প্রদানের প্রকল্প। কিন্তু বর্তমান সরকারের প্রায় দেড় মাস কেটে যাওয়ার পরেও রাজ্য সরকারের নারী ও শিশুকল্যাণ দফতরের সরকারি ওয়েবসাইটে এখনও জ্বলজ্বল করছে পুরনো জমানার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ এবং তার ফর্ম। ‘দ্য ওয়াল’-এর পক্ষ থেকে এই ডিজিটাল অসঙ্গতি সামনে আনা হলে রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায় বিস্ময় প্রকাশ করেন।
তিনি স্পষ্ট জানান, সরকারি পোর্টালে পুরনো ফর্ম থাকার কথা নয়। মন্ত্রীর নাম ওয়েবসাইটে থাকলেও, লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের তথ্যও এখনও সেখানে বিদ্যমান। এখানে উল্লেখ্য, বর্তমান বিজেপি সরকার পূর্বতন প্রকল্পগুলি সম্পূর্ণ বন্ধ করার কথা না বললেও, সেগুলির সুবিধা বিলির ক্ষেত্রে স্বচ্ছতার অভাব এবং দুর্নীতির অভিযোগ তুলেছিল। সেই প্রেক্ষিতেই অন্নপূর্ণা যোজনা বা আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পের জন্য নতুন করে আবেদন করার কথা বলা হয়েছে।
এই পরিস্থিতিতে সরকারি ওয়েবসাইটে অন্নপূর্ণা যোজনার অনুপস্থিতি এবং পুরনো ফর্মের সহজলভ্যতা সাধারণ মানুষের মধ্যে ধন্দ আরও বাড়িয়ে তুলছে। অনেক মহিলা মনে করছেন, পুরনো ফর্ম পূরণ করলেই তাঁরা নতুন প্রকল্পের সুবিধা পাবেন। দ্রুত এই বিভ্রান্তি দূর করে সরকারি ওয়েবসাইটকে হালনাগাদ করার দাবি উঠেছে।








