ব্যুরো নিউজ, ২৭ মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গ সরকার সীমান্ত সুরক্ষা জোরদার করতে বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-এর হাতে আরও জমি তুলে দিল। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে, বিএসএফ-কে মোট ১৪২.৭৯ একর জমি হস্তান্তর করা হয়েছে। এই জমিতে বিএসএফ আউটপোস্ট এবং কাঁটাতারের বেড়া তৈরি করবে, যা সীমান্ত এলাকায় নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক হবে।
নতুন মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর হাতে মোট ৬০০ একর জমি তুলে দেওয়া হবে। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই জমি হস্তান্তর প্রক্রিয়া চলছে। ২৭ মে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় এই তথ্য প্রকাশ করেন এবং কোন জেলায় কত পরিমাণ জমি দেওয়া হয়েছে, তার একটি বিস্তারিত তালিকাও তুলে ধরেন। প্রকাশিত তালিকা অনুযায়ী, কোচবিহার জেলায় ২২.৯৫ একর, জলপাইগুড়িতে ৩৫.১৬৫ একর, দার্জিলিংয়ে ৮.৮১৫ একর, উত্তর দিনাজপুরে ২.৮৪ একর, দক্ষিণ দিনাজপুরে ২০.১৭০১ একর, মালদায় ১০.৯০ একর, মুর্শিদাবাদে ৩৮.৮০৫ একর, নদীয়ায় ০.৫৫ একর এবং উত্তর ২৪ পরগনায় ২.৬ একর জমি বিএসএফ-কে দেওয়া হয়েছে।
এই পদক্ষেপ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সীমান্ত সুরক্ষা আরও মজবুত হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।








