নিউজ ব্যুরো, ২২ জুন ২০২৬: রাজ্যের পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরতে বিজেপি সরকার দুর্গাপূজা এবং রাজ্যের বিভিন্ন মন্দিরকে কেন্দ্র করে একগুচ্ছ নতুন প্রকল্পের ঘোষণা করেছে। সোমবার বিধানসভায় পেশ হওয়া বাজেটে অর্থমন্ত্রী ড. স্বপন দাশগুপ্ত জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে বিশেষ আন্তর্জাতিক পর্যটন ব্র্যান্ডিং অভিযান শুরু হবে। ‘দুর্গাপূজা—এক বিশ্বজনীন উৎসব, বাংলার চিরন্তন আবেগ’ এই থিমকে সামনে রেখে দেশ-বিদেশে প্রচার চালানো হবে।
পাশাপাশি, রাজ্যের বিভিন্ন ঐতিহ্যবাহী মন্দির ও ধর্মীয় স্থানের উন্নয়নে ‘হেরিটেজ কমিশন’ গঠন করা হবে এবং ‘বেঙ্গল শক্তিপীঠ সার্কিট’ তৈরি হবে। এই সার্কিটের আওতায় কালিঘাট, তারাপীঠ, জল্পেশ, কঙ্কালীতলা, নন্দীকেশ্বরী, ভ্রমরীদেবী, বক্রেশ্বর, ফুল্লোরা সহ একাধিক শক্তিপীঠকে একটি পর্যটন নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করা হবে। এছাড়াও, গঙ্গাসাগর মেলা, জগদ্ধাত্রী পুজো, তারকেশ্বর মেলা সহ অন্যান্য উৎসবকে জাতীয় স্তরে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। অর্থমন্ত্রী বলেন, ‘ভারত সরকারের সহযোগিতায় আমাদের সরকার গঙ্গাসাগর মেলাকে একটি আন্তর্জাতিক, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক উৎসবে রূপান্তরিত করতে সচেষ্ট হবে। একইভাবে জগদ্ধাত্রী পুজো, তারকেশ্বর মেলা, বারুণী মেলা, রাস মেলা, জল্পেশ মেলা এবং এই ধরনের অন্যান্য উৎসবকে জাতীয় উৎসবে রূপান্তরিত করা হবে।’ সরকারের আশা, এই উদ্যোগগুলি রাজ্যের ধর্মীয় ও সাংস্কৃতিক পর্যটনে নতুন মাত্রা যোগ করবে এবং স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক হবে।








