ব্যুরো নিউজ, ১৮ আগস্ট ২০২৬: রাজ্য বনদফতরের কর্মী ও আধিকারিকদের জন্য শারদীয়ার বিশেষ উপহার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আগামী অক্টোবর মাস অর্থাৎ দুর্গাপুজোর মরশুম থেকেই দফতরের রেঞ্জার, বিট অফিসার, ফরেস্ট গার্ড এবং বন সহায়কদের বেতন ও ভাতা বৃদ্ধি করতে চলেছে রাজ্য সরকার।
এই সিদ্ধান্তে রাজ্যের প্রায় ৫০০ জন রেঞ্জার ও ৫০০ জন বিট অফিসারের মাসিক বেতন ৫,০০০ টাকা করে বাড়ানো হচ্ছে। একই সঙ্গে, ৬৫০ জন ফরেস্ট গার্ডের বেতনও প্রতি মাসে ৫,০০০ টাকা করে বৃদ্ধি পাবে। এছাড়াও, রাজ্যজুড়ে কর্মরত প্রায় ১,৫০০ জন বন সহায়কের ভাতা ১০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১২,০০০ টাকা করা হয়েছে, যা তাঁদের মাসিক আয়ে ২,০০০ টাকা অতিরিক্ত যোগ করবে। বনের সুরক্ষা ও বন্যপ্রাণ রক্ষায় দিনরাত কাজ করে যাওয়া কর্মীদের এই বর্ধিত বেতন ও ভাতা কাঠামো আগামী অক্টোবর মাস থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।
সম্প্রতি ‘সবুজ স্বাধীনতা দিবস’-এর অনুষ্ঠানে রাজ্যের ১০০ দিন পূরণের সাফল্য স্মরণ করে মুখ্যমন্ত্রী পরিবেশ রক্ষাকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন। এই বর্ষার মরশুমেই রাজ্যে ১০ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণের কথা জানান তিনি। ‘বিকশিত ভারত জিরামজি’ প্রকল্পের মাধ্যমে এই বৃক্ষরোপণ কর্মসূচির সিংহভাগ অর্থ বহন করছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। শহরাঞ্চলে সবুজায়ন বৃদ্ধি এবং আবাসন নির্মাণে এক-তৃতীয়াংশ জায়গা সবুজায়নের জন্য নির্দিষ্ট রাখার নির্দেশও দেওয়া হয়েছে। বজ্রপাত রোধে প্রাকৃতিক ঢাল হিসেবে নারকেল গাছ রোপণের গুরুত্বও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।








