ব্যুরো নিউজ, ৩০ আগস্ট ২০২৬: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় রাজ্যজুড়ে ফের দুর্যোগের কালো মেঘ। এর প্রভাবে রবিবার সারাদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় অতি ভারী বৃষ্টির (১১ থেকে ২০ সেন্টিমিটার) কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই তিন জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতার আকাশ আজ মূলত মেঘলা থাকবে। দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কিছু জায়গায় দু’এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে।
শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ জলপাইগুড়িতে ভারী বৃষ্টি এবং দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে, সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবার ও মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। নিম্নচাপের জেরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।








