রাজ্যে মদের নীতিতে হাজার কোটি দুর্নীতির অভিযোগ! বিস্ফোরক গোপন রিপোর্ট সামনে আনল ‘দ্য স্টেটসম্যান’

পশ্চিমবঙ্গে ২০১৭ সালের মদ নীতিতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ। 'দ্য স্টেটসম্যান'-এর গোপন রিপোর্ট ফাঁস, রাজনৈতিক যোগের আশঙ্কা।

Share:

ব্যুরো নিউজ, ৯ জুন ২০২৬ঃ দিল্লির আবগারি কেলেঙ্কারির রেশ কাটতে না কাটতেই এবার পশ্চিমবঙ্গের মদ নীতি নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। দেশের অন্যতম প্রবীণ সংবাদপত্র ‘দ্য স্টেটসম্যান’-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০১৭ সালে রাজ্যের মদ নীতি পরিবর্তনের আড়ালে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। আবগারি দফতরের একটি গোপন রিপোর্ট এই বিপুল দুর্নীতির বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে নতুন নীতি আনার উদ্দেশ্য ছিল মদের সিন্ডিকেট ভেঙে স্বচ্ছতা আনা ও সরবরাহ নিশ্চিত করা। কিন্তু বাস্তবে ঘটে উল্টোটা। অভিযোগ, এর মাধ্যমে বোতলজাত মদের সংস্থাগুলির উপর চাপ সৃষ্টি করে প্রতি ক্রেট মদ ও বিয়ারের উপর অতিরিক্ত টাকা আদায় করা হত। ২০১৭ সালে গঠিত ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেড’ (WBSBCL) এই একচেটিয়া মডেল তৈরি করে।

সবচেয়ে গুরুতর অভিযোগ হল, এই ব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট কিছু ডিস্ট্রিবিউটরের মাধ্যমে প্রতি ক্রেটে গুদাম ভাড়া ও পরিবহণ বাবদ অতিরিক্ত টাকা আদায় করে তা রাজনৈতিক প্রভাবশালীদের পকেটে পাঠানো হত। ‘দ্য স্টেটসম্যান’ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও এই অভিযোগের সঙ্গে জড়িয়েছে। আইএফবি অ্যাগ্রো-র একটি চিঠিও এই অবৈধ চাপের সপক্ষে উল্লেখ করা হয়েছে। গোপন রিপোর্টটি ইতিমধ্যেই মুখ্যসচিবের কাছে জমা পড়েছে বলে জানা গেছে।