নিম্নচাপের ভ্রুকুটি! রথে ভাসবে দক্ষিণবঙ্গ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

নিম্নচাপের জেরে রথের দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। জানুন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ১৫ জুলাই ২০২৬ঃ পশ্চিমবঙ্গে ফের নিম্নচাপের ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শ্রাবণের শুরুতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে। রথের দিনে কলকাতা-সহ একাধিক জেলা ভাসতে পারে ভারী বৃষ্টিতে। উত্তরবঙ্গেও জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। রবিবার ও সোমবারের জন্যও একই সতর্কতা বহাল থাকবে। আজ, বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, মৌসুমি অক্ষরেখা বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে। উত্তরবঙ্গ থেকে নেমে আসা মৌসুমি অক্ষরেখা ফের বঙ্গোপসাগরে সক্রিয় হয়েছে। জম্মু-কাশ্মীর থেকে বিস্তৃত মৌসুমি অক্ষরেখা বাংলার বাঁকুড়া ও ক্যানিংয়ের উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে আজ, বুধবার উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিম বাংলাদেশ সংলগ্ন এলাকায় আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং দক্ষিণ বাংলাদেশের উপর ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে। এই পরিস্থিতিতে চলতি সপ্তাহে বাংলার উপর থেকে দুর্যোগের ছায়া কাটছে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

বিশেষ করে রথের দিনে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। কলকাতা-সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শহর ও শহরতলির নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সামগ্রিকভাবে, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে আবহাওয়া প্রতিকূল থাকবে।