ব্যুরো নিউজ, ৬ জুন ২০২৬ঃ কলকাতা পুরসভার মেয়রের পদত্যাগের পর রাজ্যের পুরসভা নির্বাচন নিয়ে জল্পনা তুঙ্গে। এই আবহে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। তিনি আসন্ন পুর নির্বাচন নিয়ে সরব হয়ে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান। দিলীপ ঘোষ বলেন, ‘এটা তো সবে শুরু। সময় গুনতে থাকুন, ঠক বাছতে গাঁ উজাড় হয়ে যাবে। এক থেকে দেড় হাজার লোককে অবিলম্বে গ্রেফতার করা উচিত, যারা অত্যন্ত অপরাধী ও লুটেরা।’ তিনি কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের অবস্থান নিয়েও তীব্র কটাক্ষ করেন।
তাঁর মতে, ‘এতদিন উনি কী করতেন? এই নাটক তো দিদির কাছ থেকেই শেখা। এখন চুপচাপ থাকাই ভালো। গত ১৫ বছর মানুষ সব দেখেছে।’ দিলীপ ঘোষ দাবি করেন, দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা শাসক দলের একাংশ সাধারণ মানুষের প্রত্যাশাকে উপেক্ষা করেছে। তিনি আসন্ন পুরসভা নির্বাচন নিয়ে নিজের অনুমান প্রকাশ করে বলেন, চলতি বছরের নভেম্বরেই রাজ্যের বিভিন্ন পুরসভায় ভোট হতে পারে। পাশাপাশি তিনি দাবি করেন, কেন্দ্রের নানা প্রকল্প ও উন্নয়নমূলক কর্মসূচির প্রভাব রাজ্যেও পড়তে শুরু করেছে।








