ব্যুরো নিউজ, ৭ আগস্ট ২০২৬ঃ পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটল। রাজ্য সরকার জানিয়ে দিল, ঐতিহাসিক ‘পশ্চিমবঙ্গ’ নামেই পরিচিত থাকবে এই রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে এর ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেছেন। মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।
মুখ্যমন্ত্রী বলেন, ১৯৪৭ সালের দেশভাগের সঙ্গে ‘পশ্চিমবঙ্গ’ নামের এক গভীর ঐতিহ্য জড়িয়ে আছে। সেই সময় পূর্ব পাকিস্তানে নিয়ে যাওয়ার চক্রান্ত হয়েছিল, যা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিরোধ করা হয়। পশ্চিমবঙ্গ আইনসভায় ভোটাভুটির মাধ্যমে পূর্ব পাকিস্তান দ্বিখণ্ডিত হয়ে পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়। এই বিভীষিকাময় দেশভাগের ইতিহাসকে মুছে ফেলা সম্ভব নয়, তাই ‘পশ্চিম’ নামটির গুরুত্ব অপরিসীম। এটি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জানা অত্যন্ত জরুরি। অতীতে ‘বাংলা’ বা ‘বঙ্গ’ নামে রাজ্যের নাম পরিবর্তনের একাধিক প্রস্তাব এসেছিল।
ইংরেজি বর্ণানুক্রমে ‘West Bengal’ নামটি শেষে আসার কারণে বিভিন্ন সরকারি বৈঠকে রাজ্যের দাবি তুলে ধরার ক্ষেত্রে কাঙ্ক্ষিত গুরুত্ব পাওয়া যায় না বলে যুক্তি দেওয়া হয়েছিল। এমনকি ‘Paschimbanga’ নাম ব্যবহারেরও পরিকল্পনা ছিল। তবে বর্তমান সরকার এই সকল প্রস্তাব খারিজ করে রাজ্যের ঐতিহাসিক পরিচয়কে অক্ষুণ্ণ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি নথি ও প্রশাসনিক ক্ষেত্রে ‘পশ্চিমবঙ্গ’ নামই বহাল থাকবে। এই সিদ্ধান্তের মাধ্যমে নাম বদলের দীর্ঘ বিতর্কের অবসান ঘটল।








