ডিউটি করলে ১০ দিন ছুটি! রাজ্য পুলিশের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের

রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ ও হোমগার্ডদের জন্য ১০ দিনের বিশেষ ছুটির ঘোষণা রাজ্য সরকারের। অতিরিক্ত ডিউটি করলেই মিলবে এই সুবিধা।

Share:

ব্যুরো নিউজ, ৮ জুন ২০২৬ঃ দুর্গাপূজা এবং অন্যান্য সরকারি ছুটির দিনগুলিতে যারা অতিরিক্ত ডিউটি করেছেন, তারা ১০ দিনের ছুটি পাবেন। এই সুবিধা পেতে হলে কর্মীদের ন্যূনতম ৭ দিনের বেশি ডিউটি করতে হবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে পুলিশ মহলে খুশির আমেজ।

জানা গেছে, এই ১০ দিনের ছুটির মধ্যে প্রথম ৮ দিন ক্ষতিপূরণমূলক ছুটি এবং বাকি ২ দিন বিশেষ ছুটি হিসেবে গণ্য হবে। তবে, এই ছুটি ক্যাজুয়াল লিভ বা অন্য কোনও বড় ছুটির সঙ্গে মেলানো যাবে না। রাজ্যপালের সম্মতি সাপেক্ষেই এই নির্দেশিকা জারি করা হয়েছে এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে তা পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি রাজ্য পুলিশের ১৭৯ জন আইপিএস এবং ১২টি পুলিশ জেলার এসপি সহ একাধিক আধিকারিকের বদলি নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। এই পরিস্থিতিতে অতিরিক্ত ছুটির এই ঘোষণা নিঃসন্দেহে পুলিশ কর্মীদের মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে। এই বিশেষ ছুটির সুযোগ চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই নিতে হবে।