নিম্নচাপের জেরে শনি পর্যন্ত টানা বৃষ্টি বাংলায়, দক্ষিণবঙ্গে অতিভারী বর্ষণের পূর্বাভাস

নিম্নচাপের জেরে শনি পর্যন্ত টানা বৃষ্টি বাংলায়। দক্ষিণবঙ্গে অতিভারী বর্ষণের পূর্বাভাস, উত্তরবঙ্গেও জারি সতর্কতা। কলকাতা-সহ একাধিক জেলায় জল জমার আশঙ্কা।

Share:

ব্যুরো নিউজ, ৬ আগস্ট ২০২৬ঃ বঙ্গোপসাগর থেকে আসা বিপুল জলীয় বাষ্প এবং অনুকূল বায়ুপ্রবাহের জেরে বুধবার থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল প্রবল বৃষ্টিতে ভাসছে। একইসঙ্গে উত্তরবঙ্গেও ভারী থেকে অতিভারী বর্ষণ চলছে, বিশেষত কোচবিহার ও আলিপুরদুয়ারের কিছু এলাকায় চরম ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যের অধিকাংশ জেলায় বৃষ্টির এই দাপট অব্যাহত থাকবে। আগামী ৮ অগস্ট (শনিবার) পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। মৌসুমি অক্ষরেখা বর্তমানে রাজস্থান থেকে শুরু করে বিহারের গয়া ও বাংলার বাঁকুড়ার উপর দিয়ে মিজোরাম অভিমুখে বিস্তৃত। এর সঙ্গে উত্তর-পূর্ব বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, যা সমুদ্র থেকে জলীয় বাষ্প টেনে আনছে এবং বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করছে। বুধবার বিকেলে কলকাতায় কয়েক ঘণ্টার মধ্যে ৬২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই একাধিক ওয়েদার সিস্টেমের সম্মিলিত প্রভাব। দমদমে ৪৫ মিমি এবং সল্টলেকে ৫৫ মিমি বৃষ্টি হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও বৃষ্টির তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নাগরিকদের বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার এবং নিচু এলাকায় জল জমার বিষয়ে সতর্ক করা হয়েছে।