বিশ্বকর্মা পুজো থেকে উইকেন্ড, রাজ্যজুড়ে বৃষ্টির তাণ্ডব! স্বস্তি নেই আবহাওয়ায়

বিশ্বকর্মা পুজো থেকে রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।

Share:

ব্যুরো নিউজ, ১৭ সেপ্টেম্বর ২০২৬: বিশ্বকর্মা পুজো থেকেই রাজ্যজুড়ে বৃষ্টির তাণ্ডব শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিদায়ের পথে বর্ষা থাকলেও, মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপের প্রভাবে এই ক’দিন আবহাওয়ার বিশেষ উন্নতি হবে না। আবহাওয়া দফতর সূত্রে খবর, সৌরাষ্ট্র সংলগ্ন উত্তর-পূর্ব আরবসাগরের নিম্নচাপ এলাকা থেকে একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশ থেকে উত্তর ওড়িশা পর্যন্ত আরও একটি অক্ষরেখা সক্রিয়।

এই দুই ব্যবস্থার প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়তে পারে। বৃহস্পতিবার কলকাতা-সহ মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া ও পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। শনিবার কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। রবিবারও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস রয়েছে। পুজোর প্রস্তুতির মধ্যেই এই পূর্বাভাসে উদ্বেগ বেড়েছে। মণ্ডপ তৈরি এবং বৈদ্যুতিন সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এই ক’দিন বাড়ির বাইরে বেরলে ছাতা সঙ্গে রাখা আবশ্যক।