রেশন দোকানে মিলবে তেল, নুন, গ্যাস সিলিন্ডার! সরকারের কাছে ডিলারদের বিরাট প্রস্তাব

পশ্চিমবঙ্গের রেশন ব্যবস্থাকে আধুনিক করতে ডিলারদের বিরাট প্রস্তাব। রেশনে কম দামে তেল, নুন, গ্যাস সিলিন্ডার ও ব্যাঙ্কিং পরিষেবা চালুর দাবি।

Share:

ব্যুরো নিউজ, ২৪ মে ২০২৬ঃ রাজ্যের রেশন ব্যবস্থাকে আরও আধুনিক ও জনমুখী করার লক্ষ্যে এবার এক বিরাট প্রস্তাব পেশ করল রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের নতুন মুখ্য সচিব মনোজ আগরওয়ালের কাছে লিখিতভাবে এই অনুরোধ জানিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু উল্লেখ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সরকারের অনিচ্ছার কারণে যে সমস্ত জনমুখী কেন্দ্রীয় প্রকল্প বাংলায় চালু করা যায়নি, সেগুলি অবিলম্বে রেশন দোকানগুলির মাধ্যমে চালু করার প্রয়োজন। প্রস্তাবিত পরিষেবাগুলির মধ্যে রয়েছে গ্রাহকদের জন্য বাজার মূল্যের চেয়ে কম দামে তেল, ডাল, নুন, মশলার মতো নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি সামগ্রী বিতরণ।

এর পাশাপাশি, গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার মানুষের সুবিধার্থে রেশন দোকানগুলিতে মিনি ব্যাঙ্কিং কাউন্টার অথবা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের ডিজিটাল পরিষেবা চালু করার দাবি জানানো হয়েছে। এছাড়াও, সাধারণ মধ্যবিত্ত এবং পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে রেশন দোকান থেকে ৫ কেজি ছোট এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডার বিক্রি ও রিফিলিং-এর সুবিধা প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে। ডিজিটাল পরিষেবাগুলি সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে কেন্দ্র সরকারের খরচে রেশন ডিলারদের প্রশিক্ষণের কথাও বলা হয়েছে। এই পদক্ষেপগুলি একদিকে যেমন সাধারণ মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ করবে, তেমনই রেশন ডিলারদের বিকল্প আয়ের পথও প্রশস্ত করবে বলে মনে করা হচ্ছে। মুখ্য সচিব মনোজ আগরওয়াল খাদ্য দপ্তরের প্রধান সচিবের দায়িত্ব সামলানোর কারণে রেশন ব্যবস্থার বিষয়ে তাঁর গভীর জ্ঞান রয়েছে, যা এই প্রস্তাবগুলির বাস্তবায়নে সহায়ক হতে পারে।