ব্যুরো নিউজ, ১১ সেপ্টেম্বর ২০২৬: নিম্নচাপের প্রভাবে বঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামীকাল শনিবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ সংলগ্ন এলাকা থেকে নিম্নচাপ সরে গিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে আজকের তুলনায় বৃষ্টির দাপট কমবে। বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতায় আগামীকাল আকাশ মূলত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তাপমাত্রা কম থাকলেও অতিরিক্ত আর্দ্রতার কারণে গরম অনুভূত হতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গেও বৃষ্টির ধারা বজায় থাকবে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ৭-১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার-সহ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। তবে সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। এখনই দুর্যোগ থেকে মুক্তি মিলছে না বাংলার।








