ব্যুরো নিউজ, ৯ জুন ২০২৬ঃ রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য এক বিরাট সুখবর। বিধানসভা নির্বাচনের ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণে বড় পদক্ষেপ নিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন বিজেপি সরকার। সরকারিভাবে চালু হতে চলেছে ‘যুব শক্তি ভরসা কার্ড’ প্রকল্প, যা পূর্বতন ‘যুবশ্রী’ প্রকল্পের স্থান নেবে। এই নতুন জনকল্যাণমুখী উদ্যোগের মাধ্যমে রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করাই সরকারের মূল লক্ষ্য।
এই নতুন প্রকল্পে ভাতার পরিমাণ এক ধাক্কায় দ্বিগুণ করা হয়েছে। উপভোক্তারা প্রতি মাসে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ভাতা পাবেন, যা আগের প্রকল্পে ছিল মাত্র ১,৫০০ টাকা। এছাড়াও, কেরিয়ার গড়ার জন্য অতিরিক্ত এককালীন অনুদানের সুবিধাও রাখা হয়েছে, যা বেকারদের স্বনির্ভর হতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই একটি অফিসিয়াল পোর্টাল তৈরি করা হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ ও নির্দেশিকা জারি করা হবে। তবে জালিয়াতি আটকাতে ‘যুব শক্তি ভরসা কার্ড’-এর আবেদনের ক্ষেত্রে চারটি অত্যন্ত কড়া যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করেছে রাজ্য সরকার।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনের সময় তাকে সম্পূর্ণ কর্মহীন বা বেকার থাকতে হবে। এই প্রকল্পের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২১ থেকে ৪০ বছর। অনলাইনে আবেদন জমা পড়ার পর প্রতিটি প্রার্থীর দেওয়া তথ্য অত্যন্ত গুরুত্ব সহকারে যাচাই বা অডিট করা হবে। এই চারটির মধ্যে যেকোনো একটি শর্ত পূরণ না হলে বা যাচাইকরণ প্রক্রিয়ায় কোনো অসঙ্গতি ধরা পড়লে আবেদনপত্রটি সরাসরি বাতিল করে দেওয়া হবে। উপযুক্ত স্ক্রুটিনির পর সফল আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রতি মাসে ৩,০০০ টাকা পাঠানো শুরু হবে।








