ব্যুরো নিউজ, ৭ আগস্ট ২০২৬ঃ পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর! রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী শীঘ্রই চালু হতে চলেছে ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকল্পের পোর্টাল। এর মাধ্যমে রাজ্যের কর্মহীন স্নাতক ও অ-স্নাতক যুবকরা মাসিক আর্থিক সহায়তা পাবেন।
সূত্রের খবর, সব ঠিক থাকলে আসন্ন পুজোর আগেই এই পোর্টাল খুলে যাবে এবং আবেদন প্রক্রিয়া শুরু হবে। রাজ্য বাজেটে ঘোষিত এই প্রকল্পে স্নাতক বেকাররা প্রতি মাসে ৩০০০ টাকা এবং ন্যূনতম মাধ্যমিক পাশ কিন্তু স্নাতক নন এমন যুবকরা ২০০০ টাকা করে ভাতা পাবেন। এই প্রকল্পের জন্য আবেদনকারীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। যুবকল্যাণ দপ্তর এই প্রকল্পের তত্ত্বাবধানে রয়েছে এবং যোগ্যতামান খতিয়ে দেখতে সমীক্ষা চালানো হবে বলে জানা গেছে।
যুবকল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ সম্প্রতি জানিয়েছেন, কর্মসংস্থান না হওয়া পর্যন্ত রাজ্য বেকারদের পাশে থাকবে। আবেদন প্রক্রিয়ার জন্য ছবি, ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম শংসাপত্র, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র প্রয়োজন হতে পারে। যদিও সরকারিভাবে বিস্তারিত নির্দেশিকা এখনও আসেনি, তবে মনে করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হবে। এই প্রকল্প রাজ্যের বেকার যুবকদের জন্য এক নতুন দিশা দেখাবে বলে আশা করা হচ্ছে।








