ব্যুরো নিউজ, ১৮ই মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গে বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর! রাজ্য সরকার শীঘ্রই ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকল্প চালু করতে চলেছে, যার মাধ্যমে বেকাররা প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। আগামী জুন মাস থেকেই এই প্রকল্প কার্যকর হতে পারে বলে জানা গেছে। ক্ষমতায় আসার আগে বিজেপি তাদের সংকল্পপত্রে এই প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিল, যা এখন বাস্তবায়িত হতে চলেছে। এই প্রকল্প পূর্ববর্তী ‘যুবসাথী’ প্রকল্পের তুলনায় দ্বিগুণ আর্থিক সহায়তা প্রদান করবে। এই প্রকল্পে আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে।
আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তাঁর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বর্তমানে বেকার থাকা এবং ন্যূনতম মাধ্যমিক পাশ করা আবেদনকারীরাই এই সুবিধা পাবেন। এছাড়া, নিজের নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে যা আধার নম্বরের সঙ্গে সংযুক্ত। যেহেতু এখনও অফিসিয়াল ঘোষণা আসেনি, যোগ্যতার মাপকাঠিতে সামান্য বদল আসার সম্ভাবনা রয়েছে। আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানা গেছে যে, রাজ্য সরকার একটি নতুন অনলাইন পোর্টাল চালু করবে। আগ্রহী বেকার যুবক-যুবতীরা সেই পোর্টালে গিয়ে তাঁদের ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন করতে পারবেন।
আবেদন করার সময় বয়সের প্রমাণপত্র, মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি ইত্যাদি ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো সরকারি ঘোষণা আসেনি, তবে খুব শীঘ্রই বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।








