ব্যুরো নিউজ, ২৬ মে ২০২৬ : ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) সম্প্রতি ঘোষণা করেছে যে, জনপ্রিয় mAadhaar অ্যাপটি খুব শীঘ্রই বন্ধ হয়ে যাচ্ছে। এর পরিবর্তে ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে আরও সুরক্ষিত এবং প্রযুক্তিগতভাবে উন্নত একটি নতুন ‘Aadhaar’ অ্যাপ। এই নতুন অ্যাপে ব্যবহারকারীদের গোপনীয়তা ও ডেটা সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে, যা ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন (DPDP) আইন মেনে তৈরি।
UIDAI জানিয়েছে, পুরনো mAadhaar অ্যাপে আধার তথ্য সম্পূর্ণ শেয়ার হয়ে যাওয়ার ঝুঁকি ছিল। নতুন অ্যাপটি এই সমস্যা সমাধান করবে, যেখানে ব্যবহারকারী চাইলে শুধুমাত্র প্রয়োজনীয় তথ্যই শেয়ার করতে পারবেন। যেমন, বয়স যাচাইয়ের জন্য সম্পূর্ণ আধার নম্বর বা ঠিকানা দেওয়ার প্রয়োজন হবে না। নতুন ‘Aadhaar’ অ্যাপে একাধিক অত্যাধুনিক ফিচার যোগ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ফেস অথেন্টিকেশন (মুখ চিনে পরিচয় যাচাই), কিউআর কোড স্ক্যান করে তথ্য দেখা, এবং প্রয়োজন অনুযায়ী তথ্য শেয়ার করার সুবিধা। এছাড়াও, ফিঙ্গারপ্রিন্ট, ফেস ও আইরিস লকিং সিস্টেমের মাধ্যমে প্রোফাইল অতিরিক্ত সুরক্ষিত রাখা যাবে। একটি ফোনেই পরিবারের পাঁচজন সদস্যের আধার প্রোফাইল যোগ করা সম্ভব হবে।
ব্যবহারকারীদের UIDAI পরামর্শ দিয়েছে, শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ স্টোর (Google Play Store বা Apple App Store) থেকে “Aadhaar” লিখে সার্চ করে UIDAI-এর ‘Pehchaan’ লোগোযুক্ত অ্যাপটি ডাউনলোড করতে। এরপর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দিয়ে OTP যাচাই করে, নিরাপত্তা পিন সেট করে এবং ১২ সংখ্যার আধার নম্বর যুক্ত করে প্রোফাইল তৈরি করতে হবে। তবে, পুরনো mAadhaar অ্যাপের ডেটা স্বয়ংক্রিয়ভাবে নতুন অ্যাপে স্থানান্তরিত হবে না, তাই ব্যবহারকারীদের নতুন করে তথ্য যোগ করতে হবে। UIDAI-এর দাবি, এই নতুন অ্যাপ নিরাপদ ডিজিটাল পরিচয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।








